চুয়াডাঙ্গার দামুড়হুদায় দিনদুপুরে রিশাদ আলি (১৪) নামে এক কিশোরকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১২ মে) দুপুরে উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিশাদ আলি ওই গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ওই দিন দুপুর ২টার দিকে ছয়ঘরি গ্রামের কাজি পাড়ায় রাস্তার পাশে মো: বাইতুল্লার ছেলে মো: হযরত আলির সাথে একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিশাদ আলির সাথে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে মো: হযরত আলি হাতের হাসুয়া দিয়ে রিশাদ আলিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, মো: হযরত আলি এলাকার চিহ্নিত মাদককারবারি। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
দর্শনা থানার ওসি মো: শহিদ তিতুমির জানান, মার্ডার হওয়ার কথা শুনেছি। পুলিশ কাজ করছে। তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।