অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জুলাই বিপ্লবে নিহতদের খুনির বিচার করা মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সব কাজই এই সরকারকে করতে হবে। নির্বাচন প্রক্রিয়া সংস্কার করা না গেলে আওয়ামী লীগের তৈরি করা মাঠে আগের মতোই নির্বাচন হবে। আমরা এই ধরনের নির্বাচন চাই না।’

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবে কুমিল্লার আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে ‘জুলাই সমাবেশ’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশে বলেন, ‘আপনি ঘোষণা দিয়েও কেন দ্বিতীয় ট্রাইবুনাল গঠন করতে পারেননি? দ্রুততম সময়ের মধ্যে ট্রাইবুনাল গঠন করে জুলাই বিপ্লবে নিহতদের খুনির বিচার শুরু করুন।’

তিনি বলেন, ‘আজকের অনুষ্ঠানে শহিদ পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়, আসামিরা আদালত থেকে জামিন নিয়ে বুক ফুলিয়ে চলাফেরা করছে।’

এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন ফেস দ্যা পিপল-এর সম্পাদক সাইফুর সাগর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ, শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন আক্তার, কুমিল্লা জেলা খেলাফত মজলিসের নেতা আবদুল কাদের জামাল, শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল।

এছাড়া আরো বক্তব্য দেন এবি পার্টির কুমিল্লা মহানগর সদস্য সচিব গোলাম সামদানি, ড. ফয়জুল হক, সাংবাদিক শাহাজাদা এমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসেন, কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল হাসান প্রমুখ। এ সময় অনুষ্ঠানে শহীদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।