ইসলামী শ্রমনীতি ও সৎ নেতৃত্বই শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে পারে মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমির শাহজাহান চৌধুরী বলেছেন, ‘নীতি নৈতিকতাহীন একদল মানুষ বিদেশ থেকে ধার করে আনা বস্তাপঁচা আদর্শ এদেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে ক্ষমতার মসনদ দখল করে। ফলে শ্রমজীবী মানুষরা প্রতারিত হয়। শ্রমিকরা তাদের অধিকার বঞ্চিত হয়।’
তিনি বলেন, ‘একমাত্র সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব এবং ইসলামী শ্রমনীতি শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে পারে। ইসলামী শ্রমনীতি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকারের গ্যারান্টি দেয়।’
শুক্রবার (১৬ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার ইউনিট দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা খায়রুল বাশর, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, মহানগরীর সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল ও কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ প্রমুখ।
শাহজাহান চৌধুরী বলেন, ‘শ্রমিক আন্দোলনের প্লাটফর্ম ট্রেড ইউনিয়ন। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নগরের প্রতিটি থানা ও সেক্টরের শ্রমিকদের নিয়ে আদর্শ ট্রেড ইউনিয়ন সংগঠন গঠন করতে হবে। এই নগরের প্রতিটি শ্রমিকের দায়িত্বশীল আমরা। তাই আমাদের প্রতিটির শ্রমিকের সুখ ও দুঃখের অংশীদার হতে হবে।’
এস এম লুৎফর বলেন, ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামের পতাকাকে ধারণ করে ইসলামী শ্রমনীতির প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যতদিন না ইসলামী শ্রমনীতি এদেশের মাটিতে প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন আমাদের সংগ্রাম চালিয়ে যাব, ইনশাআল্লাহ।’