ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুরের শিবরামপুরে তরমুজবাহী একটি ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেল চালক ফরিদপুর সদর উপজেলার ঈশান, গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২৪) ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ (৫২)।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিকশার সাথে সংঘর্ষ হয়। ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। তার পেছনে থাকা তার মা গুরুতর আহত হয়েছেন।

তিনি আরো জানান, দুর্ঘটনায় আহত রিকশাচালককে হাসপাতালে নেয়ার পথে মারা যান। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।