সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে আবারো অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষ, চিনি ও মাদক জব্দ করা হয়।
জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার এ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগের দিন বুধবার (১৬ এপ্রিল) সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযানে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি আড়াই কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করে। এ নিয়ে দু’দিনে সিলেট সীমান্তে ৩ কোটি টাকারও বেশি চোরাইপণ্য আটক করল বিজিবি।
১৯ বিজিবি সূত্র জানিয়েছে, বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবি জৈন্তাপুর সীমান্তের শূন্য লাইন হতে পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় ১০টি মহিষ আটক করে। এছাড়া আরেকটি অভিযানে ভারতীয় ১২টি মহিষ আটক করে।
এদিকে কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের কাছে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৩৩ বোতল মদ এবং ভারতীয় এক হাজার ৫০০ কেজি চিনি জব্দ করে। জব্দ করা এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার জানান, ‘জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবি সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপর্যুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’