রংপুরের পায়রাবন্দ থেকে মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালের দিকে মিঠাপুকুরের পায়রাবন্দের বেলবাড়ি এলাকা থেকে পা’টি উদ্ধার করা হয়।
জানা গেছে, পথচারীরা পায়রাবন্দের বেলবাড়ি এলাকার লেদ আলমের ইউকেলিপটাস বাগানে পা’টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পা’টি উদ্ধার করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা পা’টি উদ্ধার করি। উদ্ধার হওয়া মানুষের ডান পায়ের হাটু থেকে গোড়ালি পর্যন্ত। পায়ের বুড়ো আঙ্গুলটিতে পচনের আলামত ছিল এবং সার্জারি করে কাটার মতো দাগ ছিল। পরে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) টিম আসে। তারা সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি তদন্ত আরো জানান, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। প্রাথমিক ধারণা, পচনের কারণে পা’টি কেটে ফেলতে পারে। তবুও একটি লাশ যেভাবে ময়নাতদন্ত হয়, উদ্ধার হওয়া পা’টিরও সেভাবে ময়নাতদন্ত করা হচ্ছে। এরপর মূল কারণ জানা যাবে। তবে পা’টি কার সেই পরিচয় এখনো পাওয়া যায়নি।