উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে জুলাই আন্দোলনে আহতরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

আজ বুধবার দুপুরে মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন।

পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনসহ বিভিন্ন সংস্থার সদস্যরা আন্দোলনকারীদের ঘিরে দাঁড়িয়ে আছেন।

জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহত হয়েছেন এমন ব্যক্তি ও পরিবারের সদস্যরা এখানে এসেছেন। তাদের দাবি, আহতদের ক্যাটাগরি বিন্যাসে যে বৈষম্য করা হয়েছে, সেটি সংশোধন করতে হবে। একইসাথে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।

এ বিষয়ে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা।

এর আগে বিভিন্ন সময় আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ, উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন।

ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা তাদের কিছু দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা রাস্তা অবরোধ করেনি, কার্যালয়ের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।