বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার দু’টি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করেছে রংপুর মহানগর পুলিশ।
রোববার (২২ জুন) রাত ১১টায় নগরীর কেরামতিয়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কোতোয়ালি থানা পুলিশ।
মাসুদ পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের গুয়াবাড়ী শহীদুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।
আরপিএমপি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ‘মাসুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই নগরীর সিটি বাজার এলাকায় হামলা ও হত্যা চেষ্টা মামলায় গুলিবিদ্ধ বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন হত্যা চেষ্টা মামলার ১২ নম্বর এবং জয়নাল আবেদীন বাপ্পি হত্যার চেষ্টা মামলার এজাহারভুক্ত ১৭ নম্বর আসামি। সোমবার সকালে তাকে আদালতে নেয়া হবে বলেও জানান তিনি।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী জানান, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতা মনোয়ারুল ইসলাম মাসুদ পালিয়ে ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি রংপুরে এসে আত্মগোপন করে থাকা শুরু করেন। সোর্সের মাধ্যমে আমরা তাকে গ্রেফতার করেছি। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে মাস্টারমাইন্ডের ভূমিকা রাখার পাশাপাশি অর্থ যোগান দিয়েছেন।