নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পারিবারিক কলহের জেরে কেরোসিনের আগুনে দগ্ধ হয়ে মো: আশিকুর রহমান (৩০) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত আশিকুর রহমান উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

জানা যায়, তিনি নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দগ্ধ হওয়ার তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

যুবলীগ নেতার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো: আশিকুর রহমান গত সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পারিবারিক কলহের জেরে তার নিজের বসতঘরে দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্বজনরা দরজা ভেঙে তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ‘আশিকুর রহমান নামের এক যুবক নিজ শরীরে আগুন দিয়ে মারা যান। এ বিষয়ে কেউ কিছু জানায়নি। তবে খবর নিয়ে জানা যায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তার স্ত্রীর সাথেও বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। যুবলীগের রাজনীতির সাথে যুক্ত থাকার বিষয়টি তার জানা নেই।’