সুন্দরবনের নলিয়ানে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের গোশতসহ এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: সিয়াম উল হক এসব তথ্য জানান।
আটক হরিণ শিকারী মো: ইয়াসিন গাজি (২৭) খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার মো: সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের গোশতসহ একজন হরিণ শিকারীকে আটক করা হয়। জব্দ হরিণের গোশত এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
তিনি জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোনো ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে থাকবে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।