বান্দরবানে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে ও বিদ্যুতের তারে জড়িয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) জেলার আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঝড়ের সময় আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম মেনরত পাড়ায় বাড়ির উঠানে গাছ ভেঙে পড়ে রিংয়ং ম্রোয়ের মেয়ে তাইপাও ম্রো নামের পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন বিষয়টি নিশ্চিত করেন।
অন্য দিকে শনিবার দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বিছামারা এলাকায় জমিতে গরু বাঁধতে গিয়ে ঝড়ে ছিড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে নূর ফয়েজ (৪০) নামের একটি কৃষকের মৃত্যু হয়েছে।
এছাড়া প্রবল বর্ষণে বান্দরবানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টিপাত বাড়তে থাকায় জেলার সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নদীর পানি প্রবেশ করে নাক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বান্দরবান রুমা ও থানচি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে যান চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।