লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক হাসিবুল ইসলামের (৩৫) লাশ ফেরত দিয়েছে ভারত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রামের জোংড়া ইউনিয়নের খারিজা জোংড়া সীমান্তে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ লাশটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তা পরিবারের নিকট দেয়া হয়।

এর আগে, গত বুধবার দুপুরে সিংগীমারী সীমান্তের জমিতে গরুর জন্য ঘাস কাটার সময় বিএসএফের গুলিতে আহত হন হাসিবুল।

হাসিবুল সিংগীমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএসএফ সদস্যরা বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে তাকে গুলি করার পর রাইফেলের বাঁট দিয়ে আঘাত করে ভারতে নিয়ে যায়। পরে কোচবিহার মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশের পুলিশ এবং বিজিবির নিকট লাশ হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে রাতই লাশ নিহতের বাবা এবং চাচাকে বুঝিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।