চট্টগ্রামের মিরসরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে কবির আহম্মদ নামে একজনকে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় মিরসরাই পৌর সদরে অবস্থিত মিরসরাই কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দুই ছাত্রী ও তার সহপাঠীদের নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিদিন তাদের পেছন পেছন গিয়ে তাদের উত্যক্ত করতো অভিযুক্ত কবির আহম্মদ। ছাত্রীরা বিষয়টি তাদের বাবাকে জানায়। প্রতিদিনের মতো আজ শনিবার সকালে তারা প্রাইভেট পড়ার উদ্দেশে বাসা থেকে বের হলে অভিযুক্ত যুবক তাদের পিছু নেয় এবং উত্ত্যক্ত করা শুরু করে। এ সময় ছাত্রীর বাবা ও স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর মোহাম্মদ জানান, কবির আহম্মদ নামে একজন পুরো শরীরে আঘাত নিয়ে হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো নয়।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ইভটিজিংয়ের দায়ে কলেজ রোড এলাকায় একজনকে গণপিটুনি দেয়ার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি সমাধান করবে বলে তাকে হাসপাতালে পাঠায়।