নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে একটি পাইপগান, গুলি ও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার করা হয়েছে।

রোববার দিবাগত রাতে উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়া এলাকায় জাহিদ শেখের বাড়িতে এ অভিযান চালানো হয়, যা শেষ হয় সোমবার সকাল সাড়ে ৭টায়।

গ্রেফতাররা হলেন চরকান্দিপাড়ার জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০), হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ (৪৫) ও মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ (৪০)।

এ অভিযানে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, একটি বল্লম, দু’টি ছ্যানদা (ধারাল দা), তিনটি চায়নিজ কুড়াল, পাঁচটি টেটা, সাতটি চাপাতি ও ১০ টি রামদা উদ্ধার করা হয়।

কালিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা সূত্রে বেশ কিছুদিন ধরেই খবর আসছিল যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া এলাকায় কয়েকটি স্থানীয় গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়ছে। অস্ত্রের মহড়া, হুমকি ও সংঘর্ষের প্রস্তুতির পরিপ্রেক্ষিতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। রোববার গভীর রাতে শুরু হওয়া এ অভিযান সোমবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়। গ্রেফতারদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদসহ আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া ওই এলাকার সন্দেহভাজন মাহবুবের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।