মাদারীপুরে সদর উপজেলার চরগোবিন্দপুর ও চরকুলপদ্বী এলাকায় বজ্রপাতে দু’জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন খুলনার কয়রা উপজেলার কয়রা এলাকার মরহুম মোবারক মোল্লার ছেলে কাজল মোল্লা (৪৫)। তিনি মাদারীপুর সদর সদর উপজেলার চরগোবিন্দপুর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

অপরজন হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিগাও খাজড়া এলাকার মরহুম ইমজিয়াজ মোড়লের ছেলে হাফিজ মোড়ল (৫৫)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া এলাকায় ধানকাটার কাজে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাদারীপুরের বিভিন্ন স্থানে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। একইসাথে শুরু হয় ব্যাপক বজ্রপাত। ঝড়-বৃষ্টি শুরু হলে চরগোবিন্দপুর এলাকার জেএসবি ইটভাটার কাঁচা ইট সংরক্ষণ করতে যান কাজল মোল্লা। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ইটভাটার অন্য শ্রমিকরা আহত কাজলকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সময় কুন্তিপাড়া এলাকায় শাজাহান শেখের ফসলি জমিতে ধান কাটার সময় বজ্রপাত হলে গুরতর আহত হন হাফিজ মোড়ল। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় হাফিজকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হলে তাকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বিকেল ৪টা থেকে দু’ঘণ্টার টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বেশ কয়েকটি স্থানে গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাছ উপড়ে পড়ায় বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলেও জানা গেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘বজ্রপাতে দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। তারা অন্য জেলা থেকে এখানে কাজের জন্য এসেছিলেন। এখানে তারা যে আয় করতো তা দিয়েই চলতো তাদের সংসার। নিহত দু’জনের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’