বান্দরবানে অপহরণের পাঁচ দিন পর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার মো: বাবুলকে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানিয়েছেন, মো: বাবুলকে ছেড়ে দেয়ার পর স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। কারা তাকে নিয়ে গেছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে গত ১৮ এপ্রিল রাতে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের লাম্বা রাস্তা এলাকায় রেড ক্রিসেন্ট সোসাইটির নির্মাণাধীন ভবনের এলাকা থেকে সন্ত্রাসীরা কেয়ারটেকার মো: বাবুলকে অপহরণ করে।
পরে সন্ত্রাসীরা সংশ্লিষ্ট ঠিকাদার ও তার পরিবারের কাছে প্রায় ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নির্মাণ কাজের ঠিকাদার মোহাম্মদ জসিম উদ্দিন জানান মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা মো: বাবুলকে চোখ বাঁধা অবস্থায় লম্বা রাস্তা এলাকায় ছেড়ে দেয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।
মুক্তিপণ দিয়ে বাবুলকে ছেড়ে আনা হয়েছে কিনা এ বিষয়ে কিছু জানা না গেলেও পাঁচ লাখ টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। কারা তাকে নিয়ে নিয়ে গেছে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা বলছে, ইউপিডিএফ গণতান্ত্রিক দলের একটি পক্ষ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সন্ত্রাসীরা মাঝেরপাড়া এলাকার এনজিও সংস্থা ব্র্যাকের স্থানীয় ম্যানেজারকে ধরে নিয়ে যায়। পরে মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দেয়া হয়।