মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে স্বামী সুমন ওরফে সাহজাহান (৪৫)। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২০ মে) সকাল ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় তিনি আত্মসমর্পণ করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ সদর থানাধীন মীরকাদিম পৌরসভা পূর্বপাড়ায়। দাম্পত্য কলহের কারণে বটতলা পূর্বপাড়ার শরিয়ত উল্লাহর ছেলে সুমন সাহজাহান (৪৫) তার স্ত্রী মিতুকে (২৮) বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। মিতু নৈদিঘীর পাথর গ্রামের মন্টু শিকদারের মেয়ে বলে জানা গেছে।
ওসি মো: সাইফুল আলম বলেন, ভোর আনুমানিক ৫টার দিকে স্ত্রীকে হত্যাকারী সুমন থানায় এসে নিজ হাতে বটি দিয়ে তার স্ত্রীকে হত্যা করেছে বলে জানায় এবং থানায় আত্মসমর্পণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা রুজুসহ আইনিব্যবস্থা নেয়া হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান ওসি।
প্রতিবেশী ও স্বজনরা অভিযোগ করে বলেন, প্রায় আট মাস আগে মিতু আক্তারকে বিয়ে করে অভিযুক্ত সুমন। নিহত মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিল। সেখানে তিন সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ, ঝগড়াঝাঁটি লেগেই ছিল। কিছুদিন আগে ঝগড়া করে মিতু তার বাবার বাড়িতে চলে গেলে গতকাল সোমবার তার স্বামীর বন্ধুরা তাকে বাড়িতে ফিরিয়ে আনে। সেদিনই রাত ২টার দিকে বন্ধুদের সাথে মদ্যপান করে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশ ও গলায় আঘাত করলে মিতু মারা যান।