কুমিল্লার বুড়িচংয়ে রেল লাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের আজ্ঞাপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশের উপ-পরিদর্শক রাজীব হাসান জানান, ‘আজ্ঞাপুর এলাকার রেললাইন থেকে অন্তত ৪০ ফুট দূরে একটি জমিতে লাশটি পড়েছিল। নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পকেটে কুমিল্লা নগরীর একটি টেইলার্স দোকানের রিসিট ছিল। তবে ওই নাম্বারে যোগাযোগ করেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর পাঠানো হয়েছে। পিবিআই সদস্যরা ঘটনাস্থলে এসে আঙ্গুলের ছাপ নিলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’