সবাই মিলে সুন্দর ও পরিবেশবান্ধব সিলেট গড়ে তোলার আহ্বান জানিয়ে সিলেটের নতুন জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেছেন, সরকারের প্রতিটি দফতর একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোনো একটি দফতরের সেবায় বিঘ্ন ঘটলে তা সামগ্রিক সিস্টেমে প্রভাব ফেলে। কাজেই সরকারের প্রতিটি দফতরকে একতাবদ্ধ হয়ে একসূত্রে কাজ করতে হবে।
সোমবার (২৫ আগস্ট) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মো: সারওয়ার আলমের সাথে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিলেটের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দিনসহ সিলেট জেলার বিভিন্ন সরকারি দফতরগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমান যুগ কানেক্টিভিটির যুগ উল্লেখ করে জেলা প্রশাসক মো: সারওয়ার আলম বলেন, ‘প্রতিটি দফতরের মধ্যে কানেক্টিভিটি বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, কাজেই জনগণকে যথাযথভাবে সেবা প্রদান করা আবশ্যিক দায়িত্ব।’ আধুনিক ও স্বয়ংস্বম্পূর্ণ সিলেট গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে উন্নয়নের উপর জোর দেন তিনি। এছাড়া পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো আরো আকর্ষণীয় করতে কার্যকর পদক্ষেপের কথা বলেন।
সিলেট শহরকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি সকলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় আগত সরকারি দফতরগুলোর কর্মকর্তারা নতুন জেলা প্রশাসককে সিলেটে স্বাগত জানান। এরপর কর্মকর্তারা নিজ নিজ দফতরের কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করে দফতরগুলোর সেবার মান বৃদ্ধি করার ব্যাপারে বিভিন্ন মতামত তুলে ধরেন। এছাড়া সুন্দর ও আধুনিক সিলেট গড়ে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।