মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ১৪ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে কুলাউড়া থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে কোনো একসময় মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ চারজন পুরুষ, চারজন শিশু এবং পাঁচজন নারীসহ মোট ১৪ জনকে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশ-ইন করে। সকালে ১৪ জনকে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মুরইছড়া বিজিবি টহল দল আটক করে। বিকেলে তাদের জিজ্ঞাসাবাদের পর কুলাউড়া থানায় হস্তান্তর করে।
আটক ব্যক্তিরা হলেন মো: মফিজুল (৪৫), মল্লিকা (৪০), জরিনা খাতুন (৭৫), মো: জলিল মিয়া (৪৫), কাজলি (৪০), মিম (১৯), পাঁচ মাসের শিশু মমিন, হাবিব (২২), ইছা মিয়া আলী (২০), কাজল (১১), আফসান (২০), আলফিনা (১৮), শাহিনা (০৭) ও হালিম (০১)।
আটক ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় বলে মুরইছড়া ক্যাম্পের দায়িত্বরত বিজিবি সদস্য জাকির হোসেন নিশ্চিত করেছেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম আপছার জানান, ১৪ জনকে বিজিবি কুলাউড়া থানায় হস্তান্তর করেছে।