কুমিল্লার বুড়িচংয়ে গোমতীর চরে ড্রাম ট্রাকের চাপায় মেহেদী হাসান শাওন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। অপরদিকে কামারখাড়া গোমতীর চরে ট্রাক উল্টে আলাউদ্দিন (৩১) নামে এক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেহেদী হাসান শাওন ক্যান্টনমেন্ট এলাকা থেকে বুড়িচংয়ে নিজ বাড়িতে ফেরার পথে পালপাড়া চৌরাস্তা মোড়ে এসে মোটরসাইকেলে তেল কেনার সময় পেছন থেকে একটি বেপরোয়া ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থল থেকে আহত মেহেদী হাসান শাওনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

নিহত মেহেদী হাসান শাওন বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা আখন্দ বাড়ির ফজলু মিয়ার ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ও প্রবাস (কাতার) ফেরত বলে জানা গেছে।

শাওনের নানা মোমিনুল ইসলাম বলেন, ‘আড়াইওরা গ্রামের মরহুম মোসলেম মিয়ার ছেলে আমজাদ প্রকাশ আনজুর অবৈধ মাটিবাহী ড্রাম ট্রাক শাওনের মোটরসাইকেলে চাপা দিলে তিনি মারা যান।’

এদিকে শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কামারখাড়া গোমতীর চরে একটি ট্রাক উল্টে আলাউদ্দিন (৩১) নামে এক চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিন ষোলনল গ্রামের আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। মাটি বহনকারী অনুমোদনহীন ট্রাক এবং লাইসেন্সবিহীন ড্রাইভারদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় প্রায় প্রতিদিনই এরকম দুর্ঘটনা ঘটছে। প্রতিটি গ্রামে এ সকল গাড়ি দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ আছে, এ গাড়িগুলো প্রভাবশালী ও প্রশাসনকে ম্যানেজ করে চলাচল করে। মাঝে-মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করলেও আবারো অদৃশ্য কারণে সড়কে চলাচল করছে গাড়িগুলো। যার ফলে এদেরকে কেউ কিছু বলতে সাহস পায় না।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘মৃত্যুর খবর শুনেছি। পালপাড়া এলাকায় দুর্ঘটনাটি বুড়িচং থানার অধীনে না। ঘটনার তদন্ত করবে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাসপাতালে লাশ নিয়েছে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত করতে দেয়নি। নিহত পরিবারের অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে।’