কিশোরগঞ্জের কুলিয়ারচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ মামলায় তদন্তে সন্ধিগ্ধ নাদিম হোসেন (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাদিম রূপালী ব্যাংক ভৈরব শাখার একজন সিনিয়র কর্মকর্তা এবং ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারাদেশের মতো কুলিয়ারচরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বাজরা বাসস্ট্যান্ডে সংঘটিত ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় তদন্তে সন্ধিগ্ধ আসামি নাদিম হোসেনকে গ্রেফতার করা হয়।
কুলিয়ারচর থানা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, ‘এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।’