সুনামগঞ্জ সীমান্ত থেকে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে ৪৫ লাখ টাকার বেশি ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৩/৮-এস হতে আনুমানিক ৬ কিমি বাংলাদেশের ভেতরে বিন্নাকুলী ও মোদেরগাওঁ এলাকায় টাস্কফোর্স অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যাক্ত বাড়ি ও গুদাম তল্লাশী করে ১৭ হাজার ৬৫০ কেজি ভারতীয় ফুসকা ও ৬০ কেজি জিরা করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪৫ লাখ টাকা।

টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম ও সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও জিরা জব্দ করা হয়েছে। জব্দ হওয়া ফুসকা ও জিরা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’