চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ প্রবর্তক মোড় এলাকায় অবস্থিত সেন্ট্রাল সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম এই নির্দেশনা সংক্রান্ত আদেশ জারি করেন।

জানা যায়, গত ২৪ মার্চ গঠিত যৌথ পরিদর্শন দলের প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির ডায়াগনস্টিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। সেখানে উল্লেখযোগ্য অনিয়ম ও স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট রিপোর্টে ‘সিডিউল ক’ ও ‘সিডিউল খ’ অনুযায়ী- হাসপাতালটির প্যাথলজি বিভাগে লাইসেন্স, জনবল, মান নিয়ন্ত্রণ এবং পরিকাঠামোগত নানা ঘাটতির বিষয় তুলে ধরা হয়। এরপর স্বাস্থ্য অধিদফতরের সুপারিশক্রমে হাসপাতালটির ডায়াগনস্টিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, সেন্ট্রাল সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের প্রয়োজনীয় ডকুমেন্ট নবায়ন না করায় প্রতিষ্ঠানটির প্যাথলজি কার্যক্রম জনস্বাস্থ্য বিবেচনায় বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে এই নির্দেশনার অনুলিপি সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।