গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।

আজ শনিবার ভোর রাত ৩টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজারের (পশ্চিমে) চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী চিকিৎসক মোর্শেদুল হক শরীফ জানান, রাত ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত মই বেয়ে দোতলার বারান্দা দিয়ে ঘরে প্রবেশ করে। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ডাকাতদল গৃহকর্তাকে ঘুম থেকে উঠিয়ে তার মাথা কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তার স্ত্রী গাইনী চিকিৎসককেও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন এবং আলমিরা ও ওয়ারড্রপের চাবি নিয়ে নেয়। পরে ডাকাত দলের সদস্যরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। তারা ওই বাড়িতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে ডাকাতি করে চলে যায়। যাওয়ার সময় তারা পুলিশ এবং গণমাধ্যমকর্মীদেরকে ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদআব্দুল বারিক জানান, ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করেছে। তাদেরকে থানায় লিখিত অভিযোগ দেয়ার পরামর্ম দেয়া হয়েছে। ডাকাতি রোধে এবং ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে।