‘ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে কানেক্ট করার মাধ্যমে বিভাগওয়ারি বিসিবি এবং সিলেকশন বোর্ড তৈরি করে ট্যালেন্ট সার্স করাই আমাদের মূল লক্ষ্য’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম।
শনিবার (২৮ জুন) সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে ক্রিকেট কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনাদের সাথে কানেক্ট করা। আপনাদের সাথে যদি আমরা কানেক্ট না করি তাহলে আমরা ক্রিকেটের উন্নয়ন করতে পারব না। শুধু ঢাকা কেন্দ্রিক ক্রিকেট আমরা চাই না। আমরা চাই না, রংপুরের টিম ঢাকা থেকে বসে করে দিবে। এখানে ছেলে-মেয়েদের রংপুরের জাতীয় টিম থাকবে। তারা বাংলাদেশে চ্যাম্পিয়ন হবে।’
তিনি বলেন, ‘রংপুর থেকে বাস ভরে ভরে মানুষ রাজশাহীতে খেলতে ও খেলা দেখতে যাবে। আমরা চাই ক্রিকেটে একটা লোকাল ক্রেজ তৈরি হোক। এছাড়া রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হওয়ার দাবির সাথে আমি একমত। বিষয়টি সরকার এবং ক্রীড়া পরিষদকে জানাবো।’
এছাড়া বিভাগীয় স্টেডিয়াম, রংপুর ক্রিকেট গার্ডেনের প্রয়োজনীয় সংস্কার, অনুশীলন রুম, ড্রেসিং রুমসহ অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত নিরসন করার কথা জানান তিনি।
বিসিবি সভাপতি বলেন, ‘আঞ্চলিক কাউন্সিল করার বিষয়টিও আমাদের পরিকল্পনায় আছে। তবে আমরা আগে সমস্যাগুলো সমাধান করে এনসিএলসহ অন্য খেলাগুলো আয়োজনের চেষ্টা করব। বিগত দিনে কি হয়েছে, কি হয় নি সেটা আমি বলতে চাই না। ৩০ মে’র পরে আমার কাজ শুরু। আমরা কিছু কাজ করতে চাই।’
তিনি বলেন, ‘আমরা বিশ্বের ১ নম্বর টেস্ট দল ও টি-টোয়েন্টি দল হতে চাই। এটা শুধু সময়ের ব্যাপার। আমাদের সকলের একসাথে কাজ করতে হবে। এ বাচ্চারা যে স্বপ্ন এখন দেখছে তা বাস্তবায়ন করাটাই আমাদের লক্ষ্য থাকবে।’
এদিকে ২৫ বছরপূর্তি এ উৎসব উদ্বোধনের পর অনুর্ধ-১২ ক্রিকেট ফ্যাস্টিভাল, কমেন্ট্রি স্কি টেস্ট ক্রিকেট নিয়ে ছবি আঁকা, হিট দা স্ট্যাম্প, পেস চ্যালেঞ্জ, অভিভাবক কোচিংবিষয়ক পৃথক পৃথক ইভেন্ট অনুষ্ঠিত হয়। নতুন-পুরনো ক্রিকেটার, অভিভাবক, দর্শনার্থী, সংগঠক ও আয়োজকদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ঐতিহ্যবাহী রংপুর ক্রিকেট গার্ডেন।
দিনভর আয়োজন শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। শুধু উৎসব নয়, এ ধরনের আয়োজন বছরে তিন বার করার দাবি করেছেন সংশ্লিষ্টরা।