সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় এই আইন সহায়ক ভূমিকা পালন করবে।
রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল সার্কিট হাউজে বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজিত কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিল গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন।
এ সময় প্রধান অতিথি অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ এর প্রয়োগ বিষয়ে আলোচনা করেন।
এ কে এম আব্দুল হাকিম আরো বলেন, সাংবাদিকদের মূল কাজ হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। যারা এই পেশায় রয়েছেন তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গায় থেকে কাজ করতে হবে। একজন সাংবাদিকের যে অনেক ডিগ্রি থাকতে হবে তা নয়, সাংবাদিকদের জানতে হবে, পড়তে হবে।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বরিশাল আঞ্চলিক তথ্য কার্যালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোছা: আফরোজা নাইস। এছাড়া কর্মশালায় রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের (উপসচিব) মো: আব্দুস সবুর।
এ সময় আরো বক্তব্য দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো:শরফুদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুল্লাহ। এ সময় কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৪০ জন সাংবাদিকের মাঝে সনদ বিতরণ করা হয়।