গাজীপুরের বাঘের বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষিয়ক সম্পাদক অধাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু এ সহায়তা প্রদান করেন।
সোমবার (২৩ জুন) সকাল ১০টায় জেলার সদর উপজেলার বাঘের বাজার শিরিরচালায় (আকন্দ পাড়া) ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে ওই অর্থ তুলে দেয়া হয়।
দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষিয়ক সম্পাদক অধাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, নিম্নমানের বৈদ্যুতিক তার ও অনিরাপদ ইলেকট্রিক সামগ্রীর ব্যবহারের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। এসব বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার। সংকীর্ণ রাস্তাঘাটের কারণে অগ্নি দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিসের গাড়িগুলো সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। তাই এলাকার সকল শ্রেণি-পেশার মানুষসহ সচেতন মহলকে বিষয়টি মাথায় রেখে এবং সম্ভব হলে কাউন্সিলিংয়ের মাধমে সবাইকে আরো সচেতন করতে হবে।
তিনি বলেন, তা ছাড়া বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানরা জনগণের ভোট ছাড়াই নির্বাচিত হওয়ার কারণে তারা জনগণের সেবা না করে দুর্নীতিতেই ব্যস্ত থেকেছেন। এলাকার উন্নয়নে তারা কোনো ভূমিকা না রেখে শুধু লুটপাটে ব্যস্ত থেকে নিজের এবং পরিবারের সদস্যদের উন্নয়ন করেছেন।
এ সময় তার সাথে ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী, ইসলাম উদ্দিন, শহীদ কাজী, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সিনহা, শরিফুল ইসলাম শরিফসহ দলের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
প্রসঙ্গত, শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে বাঘের বাজার শিরিরচালা (আকন্দ পাড়া) এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।