চীনের তৈরি এক হাজার শয্যার হাসপাতালটি নীলফামারীতেই নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে তিনি নীলফামারী সদর উপজেলার টেক্সটাইল মিল সংলগ্ন মাঠ পরিদর্শন শেষে এ তথ্য জানান।
স্বাস্থ্য পরিচালক বলেন, ‘উপদেষ্টা মহোদয়ের কথা অনুযায়ী রংপুরের আশপাশে যে জায়গাটি পরিদর্শন করেছিলাম সেটি মোটেও সন্তোষজনক না। এরপরই নীলফামারী জেলা প্রশাসক অতিদ্রুত এই জায়গার রিপোর্ট আমাদেরকে পাঠান। এই জায়গা পরিদর্শন শেষে সার্বিক দিক বিবেচনা করে আমরা অনেকটা পজিটিভ রয়েছি।’
হারুন অর রশিদ বলেন, ‘জেলা প্রশাসকের প্রস্তাবিত টেক্সটাইলের এই পরিত্যক্ত স্থানটি নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেননি। ফেসবুকে যা লেখালেখি চলছে এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল নীলফামারীতেই হবে এবং এই স্থানেই হবে।’
তিনি আরো বলেন, ‘ভৌগোলিক ও যোগাযোগ দিক বিবেচনা করলে স্বাস্থ্য অধিদফতরের প্রথম পছন্দের জায়গা এটি এবং এটি অস্বীকার করার কোনো উপায় নেই। উপদেষ্টা মহোদয় আমাদের জানিয়েছিলেন, ১০ থেকে ১২ একর জায়গার কথা। কিন্তু আমরা এসে দেখলাম এখানে ২০ থেকে ২৫ একর জায়গা রয়েছে। অতএব আমরা এখানে আরো সুন্দরভাবে কাজ পরিচালনা করতে পারবো।’
তিনি বলেন, ‘উত্তরবঙ্গের মানুষ আচার আচরণের দিক থেকে ভালো। এছাড়াও পাশেই বিমানবন্দর রয়েছে এবং সড়কপথেও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। সবদিক থেকেই যদি আমি বিবেচনা করে বলি, তাহলে এটি আমাদের প্রথম পছন্দ।’
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সিভিল সার্জন আব্দুর রাজ্জাক ও জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার প্রমুখ।