কুমিল্লার বুড়িচং উপজেলায় গাড়িতে হাওয়া দেয়ার মেশিন বিস্ফোরণে জামশেদ আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
বুধবার (২ এপ্রিল) বেলা ১২টায় বুড়িচং উপজেলা সদরে পেট্রোল পাম্প সংলগ্ন আগানগর এলাকায় জামশেদ আলমের গ্যারেজে দুর্ঘটনাটি ঘটে। তিনি ওই গ্যারেজের মালিক ছিলেন।
নিহত জামশেদ উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামের রহমত আলীর ছেলে। আহতরা হলেন খাড়াতাইয়া গাজীপুর গ্রামের আবদুল সোবহনের ছেলে মো: মহসিন (৩৮), বুড়িচং নোয়াপাড়া গ্রামের রাব্বান ভূইয়ার ছেলে মো: শাহ আলম (৪০)।
স্থানীয়রা জানায়, দোকানের মালিক জামশেদ আলম গাড়ির চাকায় হাওয়া দেয়ার জন্য মেশিনে হাওয়া লোড করছিলেন। এ সময় মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে জামশেদ আলম, মহসিন ও শাহ আলম আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বুড়িচং উপজেলা সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক জামশেদ আলমকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, হাওয়া মেশিন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত দুই জনকে হাসপালে চিকিৎসা দেয়া হচ্ছে।