ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের ১০০টি পরিবারের মাঝে টিউবওয়েল বসানোর প্রয়োজনীয় সব সরঞ্জামসহ নতুন টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় দাগনভূঞা সদর ইউনিয়নের হায়াতপুর জামে মসজিদের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী ১০০ পরিবারের হাতে নতুন টিউবওয়েল এবং স্থাপনের জন্য প্রয়োজনীয় পাইপ, ইট, বালি ও সিমেন্ট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (Sharjah Charity International)-এর অর্থায়নে এবং সমাজসেবক আব্দুল মান্নান মুন্নার তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উপকারভোগী বিবি রহিমা বলেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবার বিশুদ্ধ পানির সঙ্কটে ছিল। টিউবওয়েল পাওয়ায় এখন নিরাপদ পানির ব্যবস্থা হয়েছে। এ সহযোগিতার সাথে সংশ্লিষ্টদের জন্য তিনি দোয়া করেন।

শ্রীধরপুর এলাকার বাসিন্দা আবুল কাশেম বলেন, এটি শুধু একটি টিউবওয়েল নয়, তাদের পরিবারের জন্য সুপেয় পানির স্থায়ী সমাধান। বিদেশী দাতা সংস্থা এবং আব্দুল মান্নান মুন্নার এই উদ্যোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সমাজসেবক আব্দুল মান্নান মুন্না বলেন, মানুষের মৌলিক প্রয়োজনের অন্যতম হলো নিরাপদ পানি। শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (Sharjah Charity International)-এর সহযোগিতায় দাগনভূঞা সদর ইউনিয়নের ১০০টি পরিবারের কাছে এ সহায়তা পৌঁছে দিতে পেরে তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ গ্রামীণ জনপদের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত হলে পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।