রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মো: সোলেমান (৪৩) নামে এক স্টিল আলমারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলেমান মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া এলাকার আব্দুল মজিদ দেওয়ানের ছেলে এবং তিনি পেশায় স্টিল আলমারি মিস্ত্রি।

নিহতের শ্যালক মো: লিটন জানান, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন সোলেমান। শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচ দিয়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরো জানান, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে যাত্রাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।