মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মহাদেবপুরে আগুনযুক্ত ছাই ও বয়লারের গরম পানির পুকুরে পড়ে রিয়াল ইসলাম (১২) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কুঞ্জবনের তানজিদা অটো চাউল কলে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে মহাদেবপুর ফায়ার সার্ভিসের নেতৃত্বে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
জানা যায়, মানসিক ভারসাম্যহীন কিশোরের মা-বাবা ঢাকায় থাকার কারণে সে তার নানা-নানীর সাথে গ্রামেই থাকতো। শনিবার সকাল ১১টার দিকে সে নিখোঁজ হয়। এরপর থেকেই তার স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে সন্ধ্যার দিকে কুঞ্জবনে অবস্থিত জিল্লু হাজীর তানজিদা অটো চাউল কলের গরম পানির পুকুরে তার পায়ের সেন্ডেল ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সর্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মহাদেবপুর ইউনিট রাত ৮টার দিকে বয়লারের গরম পানির পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’