কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
রোববার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে নগরীর কাজীরবাজারের কাছে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে শহীদ মিনারের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও সমাবেশ হয়েছে। সমাবেশের মূল লক্ষ্য সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করা এবং যৌক্তিক দাবিগুলোর দ্রুততম সময়ে বাস্তবায়ন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ সময় তারা কুমিল্লায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি করেন। তাদের দাবিগুলো যৌক্তিক হওয়া সত্ত্বেও এখনো সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার বিকেলে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন সিলেট পলিটেকনিকের শিক্ষার্থীরা।