মুন্সীগঞ্জে ডাকাতি, হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ১৫টি মামলার আসামি কুখ্যাত নৌ-ডাকাত রিপনকে (৫১) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার (৪ মে) সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রিপন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মরহুম বাতেন সরকারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এজাহারনামীয় আসামি কুখ্যাত ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রবাজ, মাদককারবারি রিপনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টিম কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। থানার রেকর্ডপত্র পিসিপিআর যাচাই করে তার নামে ১৫টি মামলা পাওয়া যায়। এর মধ্যে সাতটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।
পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি তার সহোদর একাধিক ভাইসহ সহযোগী নৌ-ডাকাতদের সহযোগিতায় মুন্সীগঞ্জ, চাঁদপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী মেঘনা নদী ও তার আশপাশের এলাকায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রবাজি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ইত্যাদির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে থাকে। তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।