সিলেটের কানাইঘাটে সুরমা নদীতে যাত্রীবাহী নৌকায় বজ্রপাতে তাজুল ইসলাম নামে এক মাঝির মৃত্যু হয়েছে। এ সময় নৌকার আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাপনগর গ্রামের সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম (৩৬) উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির উত্তর লক্ষীপ্রসাদ নয়াগ্রাম গ্রামের মরহুম হবিবুর রহমানের ছেলে।

জানা যায়, কানাইঘাট সুরমা নদীর খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে নিজস্ব ইঞ্জিনচালিত নৌকা নিয়ে লোভাছড়া বাগান-বাগিচা ঘাটে যাচ্ছিলেন তাজুল। সুরমা নদীর চাপনগর খেয়াঘাট এলাকায় এলে ভারী বর্ষণের সাথে হঠাৎ বজ্রপাতে নৌকায় আঘাত আনে। এ সময় তাজুল ইসলাম নৌকা থেকে নদীর পানিতে পড়ে তলিয়ে যান।

এ সময় নৌকার যাত্রী উত্তর লক্ষীপ্রসাদ কুকুবাড়ি গ্রামের মোহাম্মদ আলী ও শামীম আহমদ আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এদিকে নদীর পানিতে তলিয়ে গেলে তাজুল ইসলামকে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে চাপনগর খেয়াঘাটের অদূরে সুরমা নদীতে তার লাশ ভেসে ওঠে।

তাজুল ইসলাম তার নিজস্ব ইঞ্জিনচালিত নৌকার চালক হলেও দীর্ঘদিন থেকে এলাকায় ফুটবলসহ অন্য খেলাধুলার সাথে জড়িত ছিলেন। ক্রীড়াঙ্গনের সাথে তার সম্পর্ক থাকায় এমন আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কানাইঘাটের ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, বজ্রপাতে তাজুল ইসলাম মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। তার লাশ আইনিপ্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।