নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো বিশ্বরোড এলাকায় গ্রীন সিটি সুপার মার্কেটের একটি টিনশেড মার্কেটে আগুন লেগে ১৯টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রতক্ষদর্শীরা জানান, হঠাৎ করে তারাবো বিশ্বরোড় এলাকায় গ্রীন সিটি সুপার মার্কেটে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাত ২টার দিকে তারাবো বিশ্বরোড এলাকায় হাসানের ভাঙ্গারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশে থাকা গ্রীন সিটি সুপার নামক টিনশেড মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে আমাদের কাঁচপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মার্কেটের ভেতরের কাঠের ফার্নিচার, মোটর পার্টস, কাপড়ের দোকানসহ ১৯টি দোকান পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।