গাইবান্ধা শহরে পত্রিকা বিক্রেতা ও অটোরিকশাচালক আনিছুর রহমান ঠান্ডা মিয়ার (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার এবং ঠান্ডা মিয়ার অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার র্যাব-১৩ রংপুর সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- গাইবান্ধা সদর উপজেলার বানিয়াজান এলাকার কবির আলম (২৭), সাদুল্লাপুর উপজেলার বুজরুক পাটানোছা এলাকার রাসেল মিয়া (২৮), একই উপজেলার ক্ষুদ্র রসুলপুর গ্রামের শহিদুল ইসলাম বাবু (৪০) এবং গাইবান্ধা সদরের ডেভিড কোম্পানীপাড়ার আরিফ মিয়া (২৫)।
র্যাব-১৩ অধিনায়ক জানান, শুক্রবার (২৫ এপ্রিল) ভোররাতে যাত্রীবেশে ঠান্ডা মিয়ার অটোরিকশায় ওঠে গ্রেফতারকৃতরা। জেলা স্টেডিয়ামে যাওয়ার কথা বলে তারা ঠান্ডা মিয়াকে নিয়ে যায়। স্টেডিয়ামের কাছে পৌঁছালে তারা ঠান্ডা মিয়াকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। আহত ঠান্ডা মিয়াকে পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় ঠান্ডা মিয়ার স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটির ছায়া তদন্ত শুরু করে র্যাব-১৩। তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১ মে) রাতে গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার এবং অটোরিকশাটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক ও চুরি-ডাকাতির একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।