চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় ফরজ আলী (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
শুক্রবার (২৩ মে) সকাল ৬টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে বৃহস্পতিবার রাত সারে ১১টার দিকে উপজেলার মুজিবনগর সড়কে এ ঘটনা ঘটে। নিহত ফরজ আলী উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মুক্তার আলীর ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই রাতে দর্শনা হতে দামুড়হুদার প্রতাবপুর মুজিবনগর সড়ক দিয়ে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে সেতু পার হচ্ছিল। ফরজ আলী সেতুর পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেল সরাসরি তার শরীরে ধাক্কা মারে। এ সময় মোটরসাইকেলচালকসহ তিনজন রাস্তায় ছিটকে পড়েন।
এ ঘটনায় আহতরা হলেন উপজেলার চন্ডিপুর বাজার পাড়ার টুটুলের ছেলে শাহিন (২০) ও আরোহী একই গ্রামের সাইদুরের ছেলে তামিম (১৫)।
এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেয়। ফরজ আলীর অবস্থা আশঙ্কাজনক হবার কারণে চিকিৎসক রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে পাঠান। আজ শুক্রবার (২৩ মে) সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতরা চিকিৎসাধীন রয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘এ বিষয়ে কেউ মামলা করেনি। পরিবারের কেউ মামলা করলে ব্যবস্থা নেয়া হবে। তবে রাজশাহী সদর থানা আমার কাছ থেকে নিহতের পরিবারের তথ্য নিয়েছে।’