বান্দরবানে চান্দের গাড়ি খাদে পড়ে একজন নিহত ও ২২ জন আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আলীকদম উপজেলার কলার ঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তৈনজা ম্রো (৩০) ডিম পাহাড় এলাকার থমপং ম্রো পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, চান্দের গাড়িটি বান্দরবানের থানচি থেকে আলীকদমের কলার ঝিরি এলাকায় আসছিল। পথে এটি আলীকদম সদর থেকে ৮ কিলোমিটার দূরে ত্রিপুরা পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তৈনজা ম্রো মারা যান। এ সময় গাড়িতে থাকা অপর ২২ জন যাত্রী আহত হয়। তবে আহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহির উদ্দিন জানান, ঘটনার পর স্থানীয় লোকজন দমকল বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কথা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।