পক্ষাঘাতগ্রস্তদের (সিআরপি) জন্য উদ্বোধন করা অটোমেটিক স্ট্যান্ডিং হুইলচেয়ার, ম্যানুয়াল স্ট্যান্ডিং হুইলচেয়ার, জয়স্টিক কন্ট্রোল পাওয়ার হুইলচেয়ার ও ইলেকট্রিক হসপিটাল বেড ‘প্রয়াস’ এর ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল মো: আলতাফ আলীর নেতৃত্বে সম্প্রতি একটি প্রতিনিধি দল সিআরপি গণকবাড়ী পরিদর্শন করেছেন।
রোববার (৪ মে) আইজিএ বিভাগের প্রধান মোহাম্মদ জিয়াউল হক খান নয়াদিগন্তকে জানান- পরিদর্শন শেষে সিআরপি কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন প্রয়াসের কর্মকর্তারা।
এ সময় আলতাফ আলী সিআরপি গণকবাড়ীর রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ার শোভন পারভেজ ও আইজিএ বিভাগের প্রধান মোহাম্মদ জিয়াউল হক খানের সাথে এ সহায়ক সামগ্রীর ব্যবহার উপযোগীতা, মূল্য ও সরবরাহ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। তারা সিআরপির সাথে ভবিষ্যতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
জিয়াউল হক খান বলেন, ‘রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ার শোভন পারভেজের সহযোগিতায় আগামী দিনগুলিতে আরো নতুন নতুন ডিভাইজ তৈরি করা সম্ভব হবে।’
তিনি আরো বলেন, ‘এ প্রতিষ্ঠানটি স্বল্পমূল্যে এবং বিনামূল্যে চিকিৎসাসহ সহায়ক সামগ্রী প্রতিবন্ধী ব্যক্তি ও রোগীদের মাঝে দীর্ঘদিন ধরে প্রদান করে আসছে। তিনি এই সমস্ত সহায়ক সামগ্রী দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌছে দেয়ার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন এবং প্রতিবন্ধী বান্ধব প্রতিষ্ঠানগুলোর সাথে সংযোগস্থাপন ও বাজারজাতকরণ নিয়ে কাজ করছেন।’
সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, ‘সরকারি সহযোগিতা ও সমাজের বিত্তবানরা আরো এগিয়ে আসলে এ কার্যক্রম বহুগুণে ত্বরান্বিত ও সহায়ক হবে।’
পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) ড. ভ্যালেরি অ্যান টেইলরের হাত ধরে ১৯৭৯ সাল থেকে যাত্রা শুরু করে। তিনি মানবতার সেবায় পক্ষাঘাতগ্রস্তদের ও অসহায় রোগীদের নিয়ে ৫০ বছরের অধিক সময় ধরে কাজ করে যাচ্ছেন।