সিলেটে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন একই পরিবারের পাঁচ ভাই-বোন। এছাড়া আরো একজন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হয়েছেন। তাদের ছয়জনকে দেয়া হয়েছে সংবর্ধনা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদে ‘প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থা’ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের আয়োজন করে।

এছাড়া ওই অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সংবর্ধনা পাওয়া একই পরিবারের ছয় ভাই-বোন হলেন— শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাহেলা খাতুন সুপি, ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) উত্তীর্ণ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: টি এইচ নিশিতা, ৪১তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক মাহমুদুল হাসান জুবায়ের, ৪২তম বিসিএসে (স্বাস্থ) উত্তীর্ণ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা: সাকেরা খাতুন রুপি, ৪৮তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত ডা: সাজেদা বেগম ও ৪৮তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত ডা: সাহিদা খাতুন রিনি।

সংস্থার সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: টিপু আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন বলেন, ‘আগামীর পৃথিবী হচ্ছে মেধাবীদের জন্য। যারা মেধায় এগিয়ে যাবে তারা শুধু দেশ ও সমাজ নয়, পুরো বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে। তাই আমাদের প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের মেধাকে শাণিত করবে। এই এলাকার একই পরিবারের পাঁচ ভাই-বোন বিসিএসে স্থান পেয়েছেন। আরো একজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হয়েছেন। তাদের দেখে এলাকার শিক্ষার্থীরা অনুপ্রাণিত হলে ভবিষ্যত সুন্দর হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আব্দুল মালিক মনু, সোহেল আহমদ রিপন, সাবেক সভাপতি হাদিউজ্জামান মটন, আব্দুল আহাদ, আব্দুস সালাম, পিয়ার উদ্দিন পিয়ার, শংকর সিংহ, মো: সাহাব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার কৃতী শিক্ষার্থী ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারি মাওলানা শিব্বির আহমদ।