প্রতিপক্ষের হামলায় নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চরশুকতাইল গ্রামে সৌদি প্রবাসী আকরাম শেখ (৪৫) নিহত হয়েছেন।
এলাকায় আধিপত্য বিস্তারের জেরে বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আকরাম চরশুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে।
জানা যায়, সৌদিআরব থেকে সম্প্রতি বাড়িতে আসেন আকরাম। ওই গ্রামের আনসার জমাদ্দার ও হেকমত শেখের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় আকরাম শেখ গ্রামের চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় আনসার জমাদ্দারের লোকজন অতর্কিতভাবে আকরামকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে।