নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদার রবির (৩৫) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার পুলিশ আসামি রবিউলের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করলে সদর আমলী আদালতের বিচারক মারুফ হাসান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার একমাত্র আসামি রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে নড়াইল সদর থানায় আনা হয়।

উল্লেখ্য, সোমবার বিকেলে জান্নাতুল বাড়ির পাশের রাস্তায় ঘোরাফেরা করছিল। এ সময় প্রতিবেশী ফুফাতো ভাই রবিউল তাদের বাড়িতে জান্নাতুলকে ডেকে নেয়। ঘণ্টাখানেক পর সে বাড়িতে না আসায় তাকে পরিবারের লোকজন আশেপাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রবিউলের ঘরের মেঝো থেকে কাপড় দিয়ে ঢাকা জান্নাতুলের লাশ উদ্ধার করা হয়। পরেরদিন রবিউলকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।