লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট গরুকে বাঁচাতে গিয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- জামাল হোসেন (৩০) ও তার মা কমলা বেগম (৭০)।

শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা ওই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ও স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘দুপুরে হঠাৎ বৃষ্টির মধ্যে তাদের পালিত গরুটি ছুটে গিয়ে বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে, যেখানে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দেয়া ছিল। গরুটি অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে বিদ্যুতায়িত হয়। এটিকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন জামাল হোসেন এবং পরে ছেলেকে বাঁচাতে গিয়ে মা কমলা বেগমও বিদ্যুতায়িত হন। এতে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। বিদ্যুৎস্পৃষ্ট গরুটিও মারা যায়।

স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান রমজান আলী জানান, স্থানীয়দের অনুরোধে মা ও ছেলের লাশ প্রশাসনের অনুমতি নিয়ে দাফন করা হয়।

কালীগঞ্জের গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতায়িত গরুকে বাঁচাতে গিয়ে মা ও ছেলের এমন করুণ মৃত্যু হয়েছে বলে জানা গেছে।