ভারতে অনুপ্রবেশের দায়ে সে দেশে পুলিশের কাছে আটক হওয়ার পর গুজরাট শহরের কাছভোগ সেন্টাল জেলে দীর্ঘ পাঁচবছর জেলখেটে দেশে ফিরলেন ছয়জন বাংলাদেশী নারী।

বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

দেশে ফেরত আসারা হলেন- মোছা: আনজু খাতুন (৩০), মোছা: রাশেদা বেগম (৪৮), ইয়াসমিন খাতুন (২৬), মোছা: রোজিনা পারভিন, (২৭), মোছা: তাসলিমা খাতুন (৩৫) ও শারমিন আক্তার(৩০)।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইব্রাহিম হোসেন বলেন, ‘বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে থানা থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের নিকট হস্তান্তর করবেন।’

ভারত থেকে আসা রোজিনা জানান, ‘রাতের অন্ধকারে দালালের মাধ্যমে অবৈধভাবে গত ২১ অক্টোবর ২০১৯ সালে ভারতে প্রবেশ করে ভারত গুজরাট কাজভোগে অবস্থান করার সময় গত ১৫ ফেব্রুয়ারি ২০২১ সালে ভারতের গুজরাট পুলিশ কর্তৃক আটকের পর, গুজরাট কাজভোগ জেলে ৫ বছর সাজা ভোগ করে আজ দেশে ফিরে এসেছি।’