দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে নড়াইল পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা ঘিরে সেনাবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ মধ্যস্থতাকারীদের কার্যক্রম চিহ্নিত ও প্রতিহত করা হয়।

অভিযোগ রয়েছে, কয়েকজন অসাধু ব্যক্তি সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে পাসপোর্ট অফিসের কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। এজন্য জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

অভিযান চলাকালীন সেনাসদস্যরা পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সাথে বৈঠক করে কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে আহ্বান জানান। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাদের কাজে স্বচ্ছতার আশ্বাস দেন।

সরকারি নিয়ম মেনে সাধারণ মানুষকে সেবা গ্রহণে উৎসাহিত করতে সেনাবাহিনী সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করেছে বলে জানিয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, এই পাসপোর্ট সেবাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান অবৈধ দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে তারা। সরকারি সেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।