শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল সংস্কৃতিকেন্দ্রে আয়োজিত এই সভায় বক্তারা শেরেবাংলার জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
বক্তারা বলেন, পরবর্তী প্রজন্মের কাছে শেরেবাংলার কর্মময় জীবন তুলে ধরতে এই উদ্যোগ জরুরি। তারা শেরেবাংলাকে উপমহাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র হিসেবে বর্ণনা করেন।
সংস্কৃতিকেন্দ্রের সহ-সভাপতি মো: আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ এবং ‘শের-ই-বাংলা জীবন ও কর্ম’ বইয়ের লেখক প্রফেসর মো: মোসলেম উদ্দিন সিকদার।
বরিশাল সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ও দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক আযাদ আলাউদ্দীন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: মাহবুবুল হক।
এছাড়াও অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শেকড় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা, কলামিস্ট মাহমুদ ইউসুফ, জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সেক্রেটারি কবি জামান মনির, বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহকারী পরিচালক তৈয়বুর রহমান আজাদ, সংগঠক মো: কবির, বাকিবিল্লাহ ফেরদৌস প্রমুখ।
বক্তারা শেরেবাংলার কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষের জীবনমান উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, প্রাথমিক শিক্ষা জাতীয়করণের জন্য তার সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে কবি আসাদ বিন হাফিজের লেখা ‘অনিবার্য বিপ্লবের ইশতেহার’ কবিতা আবৃত্তি করেন আবদুল্লাহ আল ফারুক এবং দেশের গান পরিবেশন করেন শিল্পী আমিনুল ইসলাম।