চুয়াডাঙ্গার দামুড়হুদায় চুরি মামলার এজাহারনামীয় আসামি মো: আজিজুল হক ওরফে গিরি মন্ডলকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) হুদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনা ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই মো: সবুজ উদ্দিন হুদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

গত ৩ আগস্ট থানায় দায়ের করা একটি চুরি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার আজিজুল হক হুদাপাড়া (উত্তর পাড়া) গ্রামের মো: বগু মন্ডলের ছেলে।

পুলিশের দাবি, তার বিরুদ্ধে দামুড়হুদা, জীবননগর ও মেহেরপুর সদর থানায় মাদক, মারামারি ও বিশেষ ক্ষমতা আইনে অন্তত ৯টি মামলা রয়েছে।

ওসি শেখ মেসবাহ্ উদ্দিন জানান, চোর-ডাকাত, ছিনতাইকারী ও মাদক কারবারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।