হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানে অবৈধভাবে শিকার করা প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের ১৫০ মণ (৬ হাজার কেজি) ইলিশসহ ৫৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তিনটি ট্রলার জব্দ করা হয়েছে।
বুধবার (৭ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদফতরের সমন্বয়ে টাংকি ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার তিনটি ফিশিং বোট (এফবি আমেনা, এফবি নিহা ও এফবি বাবুল) তল্লাশি করে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের ইলিশ জব্দ করা হয়।
পরে জব্দ করা মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফয়েজুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরীব প্রান্তিক পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটক বোটগুলোকে জরিমানা ও ৫৬ জন জেলেদের মুসলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
জানা গেছে, সরকার প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সকল প্রকার মৎস্য নৌযান ও যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।